
উত্তর গাজার আবাসিক ভবনে দুটি ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি শিশুসহ ৮৪ প্যালেস্টাইনি নিহত হয়েছে।গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার কথা জানিয়েছে।
বলা হয়েছে, উত্তর গাজার দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।এ ঘটনায় ওই ভবনের ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে।দুটো বহুতল ভবন যখন লক্ষ্যবস্তু করা হয়েছিল, তখন সেখানে অন্তত ১৭০ জন লোক আশ্রয় নিয়েছিল। তারা আরো জানিয়েছে, ইসরায়েলি হামলা এবং ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে এই অঞ্চলে কোনো সিভিল ডিফেন্স ক্রু, চিকিৎসা পরিষেবা বা অন্যান্য ত্রাণ পরিষেবা নেই। এটি একটি ‘গণহত্যা’, যেখানে ৮৪ জনের প্রাণ চলে গেছে।প্যালেস্টাইনের সরকারি মিডিয়া অফিস উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি। এদিকে,ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৭২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোন সতর্কতা জারি করেনি।মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ও আইডিএফের গত এক বছরের সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ১৩ হাজার ১৫০ জন। এ ছাড়া গত সেপ্টেম্বরের শেষ থেকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
