
বাড়ি থেকে রহস্যজনক ভাবে আটদিন যাবৎ অষ্টম শ্রেণির ছাত্রীর নিখোঁজ থাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। এরপরই মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ ছাত্রীর বাবা-মা।
জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের খোকড়া গ্রামের বাসিন্দা ওই নাবালিকা গত আট দিন ধরে নিখোঁজ বলে অভিযোগ করেছেন তার বাবা। সে স্থানীয় ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি থেকে বেরোয় সে। তার পর তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, কেউ তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
ছবি সৌজন্যে : নিজস্ব
