
নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় মোট ৯ জনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতার পুত্রও।
মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানা এলাকায় ২০২২ সালের ১০ এপ্রিল গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। জানানো হয়, ৫ এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের পুত্র এবং তার কয়েক জন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে। সেই মামলায় ৯ জনকে দোষী সাবস্ত করল রানাঘাট মহকুমা আদালত। এদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। বাবা-ছেলেকে খুনের ঘটনায় মঙ্গলবার সাজা শোনাবে আদালত।
ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভের জেরে ১২ এপ্রিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনায় সোমবার ধৃতদের দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত।








