
বেসরকারি ইস্পাত কারখানায় চুল্লি থেকে ফুটন্ত লোহা উপচে ঝলসে গিয়েছেন ন’জন শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকে।
আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, বেসরকারি ইস্পাত কারখানার কাজ চলাকালীন হঠাৎ করেই ফুটন্ত লোহা উপচে গায়ে পরে দাঁড়িয়ে থাকা ন’জন শ্রমিকদের উপরে পড়ে। শিল্প তালুকে একের পর এক কারখানায় বারংবার এই ধরনের দুর্ঘটনা ঘটায় শ্রমিক নিরাপত্তার বিষয়টি প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। দুর্ঘটনার পরে পরেই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।







