
পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজের উঁচু বিভিন্ন হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। ফলে দক্ষিণ আমেরিকার ৯ কোটি মানুষের জল সরবরাহ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। ২০২৫ সালের ২১ মার্চ প্যারিসে ইউনেস্কো আয়োজিত প্রথম বিশ্ব হিমবাহ দিবসে এই সতর্কতা জারি করেছেন তারা।উল্লেখ্য আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরু, একুয়েডর ও কলম্বিয়ার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এ পর্বতমালাটির বিভিন্ন হিমবাহ।
এসব অঞ্চলের ঘরবাড়ি, খামার, গবাদি পশু, শিল্প ও জল বিদ্যুতের জন্য জলের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে এসব হিমবাহ।তবে জলবায়ু যত উষ্ণ হচ্ছে তত এসব হিমবাহ দ্রুত গলে যাচ্ছে বলে খবর।ফিউচার অফ দ্য অ্যান্ডিয়ান ওয়াটার টাওয়ার্স শিরোনামে গবেষণাপত্রটি সম্প্রতি একটি সম্মেলনে তুলে ধরেছেন ইউনিভার্সিটি অফ শেফিল্ড এবং ইউনিভার্সিটি অফ নিউক্যাসল-এর বিজ্ঞানীরা।
গবেষণায় উঠে এসেছে, আন্দিজ পর্বতমালার বিভিন্ন হিমবাহ প্রতি বছর ৭০ সেন্টিমিটার করে ছোট হচ্ছে, এই হার বিশ্বের অন্যান্য অঞ্চলের হিমবাহের তুলনায় ৩৫ শতাংশ দ্রুত।বিজ্ঞানীদের আশঙ্কা, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় আন্দিজের বিভিন্ন হিমবাহ, যা ২১০০ সালের মধ্যে প্রায় পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। এ সময়ের মধ্যে অন্যান্য বিভিন্ন অংশের হিমবাহের অর্ধেকেরও বেশি বরফ গলে যেতে পারে।






