
জেলেই খুন করার চেষ্টা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে আম আদমি পার্টি।
দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনার অভিযোগ, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁকে জেলেই মেরে ফেলার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ওজন হু-হু করে কমে গিয়েছে। তাঁর যথাযথ চিকিৎসা ও দেখভাল হচ্ছে না। অরবিন্দ কেজরিওয়াল টাইপ টু ডায়াবেটিক রোগী। জেলে তাঁকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না।তিনি আরও বলেছেন, সবাই জানেন অরবিন্দ কেজরিওয়াল ৩০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাঁর সুগার লেভেল মাঝে মাঝে তিনশোর উপরে উঠে যায়। নিয়মিত ইনসুলিন নিতে হয় তাঁকে। ইনসুলিনের ডোজ ৫৪ পর্যন্ত হয়। তাঁকেই ইনসুলিন দেওয়া হচ্ছে না। আপ নেত্রীর দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে ভোটে হারাতে পারে না বিজেপি। সেকারণেই জেলে রেখে তাঁকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে।এদিকে ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাবি করেছে, অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও জেলে বসে খেয়ে চলেছেন চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম।এভাবে ব্লাড সুগার বাড়িয়ে মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে জামিন পেতে চাইবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
