
এসএসসি-র নিয়োগ মামলায় সবার চাকরি বাতিল হলেও ক্যান্সার আক্রান্ত হওয়ায় মানবিকতার কারণে সোমা দাসের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানবিক কারণ ক্যান্সার আক্রান্ত সোমা দাসের নিয়োগ বাতিল করা হচ্ছে না। ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা দাস। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাই কোর্টে। তার মধ্যেই ২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে তাঁর। সে বছর ফেব্রুয়ারি থেকে ব্লাড ক্যানসারে ভুগছেন নলহাটির পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া গ্রামের মেয়ে সোমা। কিন্তু লড়াই ছেড়ে দেননি তিনি। চাকরির দাবিতে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ সোমা দিনের পর দিন কলকাতার রাস্তায় ধর্না, অবস্থান বিক্ষোভ করে গিয়েছেন।নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ে সোমার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষকতা করা ছাড়া সোমা অন্য কোনও সরকারি চাকরিতে আগ্রহী কিনা তা জানতে চেয়েছিলেন তিনি। সোমা অবশ্য জানিয়েছিলেন, তিনি শিক্ষকতাই করতে চান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সুপারিশের ভিত্তিতেই সোমাকে চাকরি দিয়েছিল সরকার।
