
ঘাটালে ও মেদিনীপুরে দেব এবং জুন মালিয়া জিতবেনই। কিন্তু তাঁরা যাতে বিপুল ভোটে জয়ী হন, তা নিশ্চিত করতে হবে দলীয় পদাধিকারীদের। নইলে কড়া পদক্ষেপ করা হবে দলের তরফে।
পশ্চিম মেদিনীপুরে দলীয় বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর তৃণমূল সূত্রে। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম বৈঠক হয় দুই সাংগঠনিক জেলার বিধায়কদের নিয়ে। পরের বৈঠকটি হয় জেলায় দলের ব্লক সভাপতি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ অন্তত ১৫০ জন আমন্ত্রিতের সঙ্গে। দলীয় বৈঠক সেরে বেরোনোর সময় অভিষেক নিজে কিছু বলতে চাননি। তবে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেছেন, ব্লকের নেতাদের ডাকা হয়েছিল। সমস্যা জানতে চেয়েছিলেন। সে সব নিয়ে আলোচনা হয়েছে।
