
দ্বিতীয় দফা লোকসভা ভোটের আগে একাধিক বিস্ফোরণে উত্তপ্ত মণিপুর।শুক্রবার অন্যান্য রাজ্যের সঙ্গেই আউটার মণিপুরেও ভোটগ্রহণ রয়েছে।
তার দু’দিন আগে কাঙ্গপোকপি জেলায় পর পর তিনটি বিস্ফোরণে ভেঙে পড়েছে সেতু। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পেয়েছে।নিরাপত্তারক্ষী সূত্রে খবর, কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা ঘেরাও করেছে নিরাপত্তা বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। প্রথম দফার ভোটের পর থেকেই মণিপুরের কাঙ্গপোকপি জেনা এবং মণিপুর পশ্চিম উত্তপ্ত। সূত্রের খবর, পাহাড়ি এলাকা থেকে কিছু মানুষ কাঙ্গপোকপি জেলায় এসেছেন। তারপর থেকেই আওয়াঙ্গ সেকমাই এবং লুয়াংসাংগোল গ্রামে চলছে গুলি বিনিময়।১৯ এপ্রিল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল। সেখানেও ভোট চলাকালীন গুলি চলেছে। ইভিএম নষ্ট, ভোটে কারচুপি, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তাই ১১টি বুথে পুনর্নির্বাচন হয়েছে।








