
লোকসভা ভোটপর্বের মধ্যেই সমস্ত ভোটের বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ-সহ ইভিএমে পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই আর্জির শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। দেশের ১০০ শতাংশ বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দাবি বিরোধিতা আগেই করেছিল নির্বাচন কমিশন। তারা বলেছিল, সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখতে হলে নির্বাচন প্রক্রিয়া আবার ব্যালট পেপারের জমানায় পিছিয়ে যাবে। বুধবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চও কিছুটা কমিশনের সুরেই কথা বলে। শীর্ষ আদালত জানায়, তারা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপও করতে পারে না। সেই পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গতি রেখেই এদিন এই সংক্রান্ত রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত।








