
হাওড়ার বাগনানের তৃণমূল কংগ্রেস বিধায়ক অরুণাভ সেন গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আর বিধায়ককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দেহরক্ষী।
এই ঘটনায় বিধায়ক আঙুল তুলেছেন সিপিএমের দিকে। অভিযোগ উড়িয়ে পাল্টা তাদের উপর আক্রমণের অভিযোগ করেছে সিপিএম। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের হেতমপুরে। তৃণমূল সূত্রে খবর,কপালে তিনটি সেলাই নিয়ে গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়কের দেহরক্ষী। অন্য দিকে, ওই গন্ডগোলের ঘটনায় আহত হয়েছেন মোট ১১ জন তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থক। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট এলাকায় টহল দিচ্ছে পুলিশ।জানা গেছে ঘটনাটি সোমবার রাতের। বাগনান কলেজ মোড়ে ওই গন্ডগোল বাধে। সোমবারই বাগনান থানার বাকসিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। ওই সভা শেষ হওয়ার পর কলেজ মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন জনা কয়েক তৃণমূল সমর্থক। চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েক জন তাঁদের আক্রমণ করেন। বিধায়কের দাবি, হামলাকারীরা প্রত্যেকেই সিপিএম আশ্রিত দুষ্কৃতী।তারা রড-লাঠি ইত্যাদি নিয়ে আক্রমণ চালায়।গন্ডগোলের খবর পেয়ে দেহরক্ষী রাজকুমার মাঝিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। কিন্তু, তিনি সেখানে যাওয়া মাত্রাই হামলাকারীরা ঘিরে ধরেন বলে অভিযোগ।








