
আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে এবার কোভিড টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।এর আগে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে কোভিড শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানো হয়েছিল।
২০১৫ সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানিয়েছিল, সরকারি খরচে প্রকাশিত বিজ্ঞাপনে কোনও নেতা-মন্ত্রীর ছবি দেওয়া চলবে না। কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পুনর্বিবেচনা করা হয়। ২০১৬ সালে শীর্ষ আদালত জানায়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীদের ছবি বিজ্ঞাপনে দেওয়া যাবে। সেই সুযোগের সদ্ব্যবহার করেই কোভিড টিকার শংসাপত্রে গত চার বছর ধরে মোদীর ছবি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে ২০২১ সালে কেরল হাইকোর্টে একটি মামলাও হয়েছিল। আবেদনকারী পিটার ময়ালিপারম্পিলের দাবি ছিল, তিনি বেসরকারি হাসপাতাল থেকে দু’টি করোনা টিকা নিয়েছেন। তার জন্য দাম দিতে হয়েছে। তাই তাঁর শংসাপত্র ব্যক্তিগত তথ্যযুক্ত নিজস্ব পরিসর। সেখানে অনুপ্রবেশ মানে ব্যক্তি-পরিসর লঙ্ঘন করা।
