
অশতিপর বৃদ্ধাকে তাঁর শেষ ইচ্ছা পূরণে ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অ্যাম্বুলেন্সে পাড়ি দিয়ে কেরালা থেকে রায়গঞ্জে হাজির করেছেন অ্যাম্বুলেন্স চালক অরুণ কুমার।
জানা গিয়েছে, স্ট্রোকে আক্রান্ত সত্তোর্ধ বৃদ্ধার শেষ ইচ্ছে ছিল জন্মস্থান রায়গঞ্জে আসার। সেই ইচ্ছে পূরণ করতেই অ্যাম্বুলেন্স চালক ২দিনের মধ্যে ওই বৃদ্ধাকে কেরালার কোল্লাম থেকে রায়গঞ্জে নিয়ে এসেছেন। অ্যাম্বুলেন্সে জ্বালানি ভরা ছাড়া গোটা রাস্তায় কোথায় থামেনি সেই অ্যাম্বুলেন্স। চালাক জানিয়েছেন, এই রাস্তা তাঁর পরিচিত। তাই দায়িত্ব নিয়ে রোগীকে নিরাপদে নিয়ে আসাই ছিল লক্ষ্য। সেই লক্ষ্য ও দায়িত্ব পূরণ করতে অসুস্থ বৃদ্ধাকে যথাযথভাবে দ্রুত রায়গঞ্জে পৌঁছে দিয়েছেন। এই যাত্রাপথে এই চালক রুটি এবং বিস্কুটের ওপরই নির্ভর করেছেন। রায়গঞ্জ শহরে প্রবেশের পরে অরুণকে স্থানীয়রা অভ্যর্থনা জানান। বৃদ্ধার ছেলে সৌথিশ অরুণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিমান করে মাকে নিয়ে আসার মত আর্থিক সামর্থ্য নেই। তাই মায়ের শেষ ইচ্ছে পূরণে অ্যাম্বুলেন্সের ওপরেই ভরসা করেছেন তিনি।
