
ভাইরাল ভিডিওয় তোলপাড়ের মধ্যে সন্দেশখালিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগ ঘিরে নতুন করে তপ্ত রাজ্য রাজনীতি।
অস্ত্র উদ্ধারের ছবি ইতিমধ্যেই ভাইরাল রয়েছে। সন্দেশখালির ২ নম্বর ব্লকের জেলিয়াখালির পিয়ারাখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। পরে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। শোরগোলের মধ্যে অভিযুক্তরা পালিয়ে যায়। শুক্রবারই রাজ্যে প্রচারে এসে সন্দেশখালির দুষ্কৃতীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। পাল্টা গোধরা এবং পুলওয়ামার প্রসঙ্গ টেনে সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
