
মনোনয়ন না পেয়েই ভোটের ঠিক আগে দলবদল করলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রামে এবার বিজেপি প্রার্থী করেছে নবীন চিকিৎসক প্রান্ত টুডুকে।
যাকে কার্যত একদিন আগেই করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হুমকির মুখে। আইপিএস দেবাশিস ধরের মত তাঁকেও নো ডিউজ নিয়ে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও সরকারি কর্মচারী ভোটে দাঁড়ানোর জন্য নো ডিউজ সার্টিফিকেটে চাইলে তাঁকে দু’দিনের মধ্যে তা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই অবস্থায় প্রথম টার্মের পর কুনার হেমব্রমের কাজকর্ম নিয়ে বিজেপির জঙ্গলমহলের নেতৃত্ব খুশি ছিলেন না বলে খবর। ফলে কুনার হেমব্রম দলবদল করবেন এমন একটা হাওয়া ছিলই। আর তা সত্যি করে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেস যোগ দিয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। স্বভাবতই এই সভায় বিজেপিকে নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ঝাড়গ্রামে বিজেপি তেমন কিছু না করার জন্যই কুনার হেমব্রম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর অভিষেক বন্দোপধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এতদিন বিজেপির সাংসদ থাকা কুনার হেমব্রম বলেছেন আদিবাসীদের জন্য বিজেপি কিছুই করেনি।
