
ভোটের মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরে ৪ আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ৪ জঙ্গি শ্রীলঙ্কার বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে প্রস্তুতি নিয়েই ছিল গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। তারা বিমানবন্দরে পা রাখতেই ৪ জঙ্গিকে গ্রেফতার করে তদন্তকারীরা। গ্রেফতারির পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাতপরিচয় কোনও জায়াগায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, দেশে বড় কোনও জঙ্গি হামলা চালানোর ছক কষছিল এই ৪ জঙ্গি। সেই লক্ষ্যেই শ্রীলঙ্কা থেকে চেন্নাই হয়ে আহমেদাবাদে আসে তারা। যদিও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানবন্দরে গ্রেফতার করা হয় ৪ জনকে।সূত্রের খবর, সন্দেহভাজন ৪ জঙ্গি পাকিস্তানের নির্দেশে ভারতে কাজ করত। পাকিস্তানের তরফে নতুন কোনও নির্দেশের অপেক্ষায় ছিল তারা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ওই জঙ্গিদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গুজরাটে এটিএসের এহেন অভিযান এই প্রথমবার নয়, এর আগে এক গোপন অভিযানে ৫ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এটিএস।









