
স্কুটার আরোহীকে ৫০০ মিটার হেঁচড়ে-টেনে নিয়ে গেল সরকারি বাস। এমনই ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়েছে দুর্গাপুরের ডিপিএল রোডে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা।
এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের ডিপিএলের রাস্তা ধরে প্রচন্ড গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যামনের সংস্থার কার্যালয়ের দিকে। স্কুটি নিয়ে এক ব্যক্তি গ্যামনের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মেরে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে নিয়ে এসে কার্যালয়ের বাইরে পড়ে ব্যক্তির দেহ। সংস্থার কার্যালয়ের সামনে যেতেই পালিয়ে যায় চালক এবং খালাসি। এর দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
