
সন্ন্যাসী বিতর্কের মধ্যেই এবার আশ্রমিকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ।
জানিয়েছেন,জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যা হয়েছে তার পর তিনি আতঙ্কে রয়েছেন। তবে রাজ্য পুলিশের উপর তাঁর আস্থা নেই। সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জিএদিকে,সন্ন্যাসী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কলকাতার বুকে খালি পায়ে স্বাভীমান যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সাধুরা।আগামী শুক্রবার গিরিশ অ্যাভিনিউ থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত মিছিল হবে বলে খবর। উল্লেখ্য গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসী মন্তব্যে মূলত ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন। এই মন্তব্যের কারণেই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ।এদিকে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসবের মধ্যেই ঘটেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা।সব মিলিয়েই এবার রাস্তায় নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। জানান হয়েছে, শুক্রবার অর্থাৎ ২৪ মে রাস্তায় নামবেন সাধুরা। ওই দিন বিকেল ৩ টে নাগাদ বাগবাজার নিবেদিতা পার্কে জমায়েত করবেন তাঁরা। বাগবাজার মায়ের বাড়ি থেকে শুরু মিছিল। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার ও বিধান সরণী হয়ে বিবেকানন্দের জন্মভিটেয় মিছিল শেষ হবে। জানা গিয়েছে, খালি পায়েই সন্ত স্বাভীমান যাত্রায় হাঁটবেন সন্ন্যাসীরা।এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, মিছিলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে যেভাবে সাধুদের হুমকি দেওয়া হচ্ছে বা হামলার ঘটনা ঘটছে, তার প্রতিবাদেই এই মিছিলের সিদ্ধান্ত বলে খবর।
