
প্রয়াগরাজের পর এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সভায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র উত্তরপ্রদেশের আজমগড়। মঙ্গলবার উত্তরপ্রদেশের আজমগড় জেলার লালগঞ্জ লোকসভা কেন্দ্রের সপা প্রার্থী দারোগা প্রসাদের সমর্থনে প্রচারে গিয়েছিলেন অখিলেশ যাদব।
শুরুতে সব ঠিকঠাক থাকলেও, প্রবল ভিড়ের জেরে কিছুক্ষণের মধ্যেই সামনের দিকে বসে থাকা কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে তা চরম আকার ধারন করে। ঘটনার সময় মঞ্চেই বসে ছিলেন অখিলেশ যাদব। মঞ্চ থেকে বারবার তাদের থামার জন্য অনুরোধ করা হয়। কিন্তু অশান্তি রীতিমতো যুদ্ধের আকার ধারন করে। দলের কর্মী সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাথর, চেয়ার ছোড়ে।গণ্ডগোলের জেরে মঞ্চের সামনে থাকা ভিড়ের চাপ এসে পড়ে ব্যারিকেডের উপর। যার জেরে ভেঙে যায় ব্যারিকেড। এই অবস্থায় অখিলেশ যাদবের মঞ্চের একেবারে সামনে এগিয়ে আসে ভিড়। এরপরেই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ। ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। পুলিশের লাঠির আঘাতের পাশাপাশি ভিড়ের চাপে সমাজবাদী পার্টির একাধিক সমর্থক আহত হয়েছেন।
