ব্যাহত ট্রেন, স্বাভাবিক মেট্রো-বিমান, বন্ধ ফেরি সার্ভিস   

0
190
Disrupted trains normal metro flights stopped ferry services
Disrupted trains normal metro flights stopped ferry services
ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার পর সোমবারও ব্যাহত হাওড়া ও শিয়ালদহ শাখার একাধিক রুটের দূরপাল্লার ট্রেন পরিষেবা। তবে সোমবার বেলা বাড়তেই ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন।
রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু সকাল হতেই বৃষ্টি না কমায় ৮টা পর্যন্ত লক্ষীকান্তপুর, ক্যানিং, সোনারপুর-বারুইপুর, ডায়মন্ড হারবার, বজবজ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শিয়ালদহ ডিভিশনে সোমবার ১১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও বেলা বাড়তে পরিস্থিতির একটু উন্নতি হলে ধীরে ধীরে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। রেমালের জেরে রীতিমত থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। রানওয়েতে জল জমে যাওয়ায় দমদমের নেতাজি সুভাষ বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে একাধিক উড়ান। বেশ কিছু দেশীয় বিমানের অবতরণের সময় পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে রেমালের প্রভাবে প্রায় ২০ ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল উড়ান পরিষেবা। প্রায় ৪০০ বিমান বাতিল করা হলেও আবহাওয়ার পরিবর্তনে সেগুলির সময় সূচি বদল করা হয়েছে। এদিকে বৃষ্টির জল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকে পড়াতেই সোমবার সকালবেলা কয়েকটি মেট্রো চললেও ৭টা ৫১ মিনিটে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর  ৪ ঘণ্টা ১৪ মিনিট পর আবার পরিষেবা চালু হল বলেই খবর মেট্রো রেল সূত্রে।সোমবার হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি সার্ভিস  বন্ধ রাখা হয়েছে। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে।