
প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন ও নরওয়ে। এ নিয়ে মোট ১৪৬ দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।
স্পেনের সরকারি মুখপাত্র পিলার আলেগ্রিয়া আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, স্পেন তার মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত একটি সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।পিলার আলেগ্রিয়া বলেছেন, স্পেন মন্ত্রিসভা প্যালেস্টাইনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মূল উদ্দেশ্য- ইসরায়েলি ও প্যালেস্টাইনিদের শান্তি অর্জনে সহায়তা করা।এদিকে, নরওয়েও প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বলে দাবি করা হয়েছে।একই উদ্যোগ হিসেবে আয়ারল্যান্ডও প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।উল্লেখ্য,স্পেন ও নরওয়ের আগে মোট ১৪৪টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল।
