
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে নেপাল গিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।শনিবার সকালে ডিবি পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো,এনসিবি-র চারজনের একটি দল নেপালের উদ্দেশে রওয়ানা দেয়।
নেপাল যাওয়ার আগে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছেন।এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে তাঁরা সেখানে যাচ্ছেন।তিনি আরও বলেছেন, গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে। জানা গেছে, নেপালে আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত ছিলেন। গোয়েন্দা পুলিশের দাবি সিয়ামর বাড়ি বাংলাদেশের ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।তিনি আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন।সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।
