
শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে।
প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। সূত্রের খবর, বুধবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।আর শুক্রবারই দিল্লিতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে, বুধবার নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সচিবালয়ের তরফে জানানো হয়, নরেন্দ্র মোদী নিজে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য রনিল বিক্রমসিঙ্ঘেকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন, সরকারি ভাবে এখনও তা জানানো হয়নি।
