
দিল্লির এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
জানা গিয়েছে, শনিবার সকালে আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন ৯ জন শ্রমিক। আগুনেই আটকে পড়েছিলেন ৯জন। আগুন দেখতে পেয়ে স্থানীয়রাই খবর দেয় পুলিশ ও দমকলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। সেখান থেকে ৯ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিত্সকরা। বাকি ৬ জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে। সাধারণত মুগডাল ভাজার জন্য ব্যবহৃত বার্নারগুলোতে ওই গ্যাস সরবরাহ করা হত। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এই কাণ্ডে একটি মামলা দায়ের করা হয়েছে। আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।








