
প্রতিবেশীরাই অগ্রাধিকার পাবে। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি ভবনে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ সাত রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছেন, আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি এবং সমৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। তিনি জানিয়েছেন, ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি এবং উন্নতির লক্ষ্যে কাজ করে যাবে।পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন বিদেশি রাষ্ট্রপ্রধানেরা। সেই নৈশভোজে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে একান্তে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত বছর মহম্মদ মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসার পরেই ভারত মহাসাগরের দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। কিন্তু সেই মলদ্বীপের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর একান্তে কথা বলাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ।
