
ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। শুক্রবার দুপুরে রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে।
দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। বাকিদেরও তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের এক জন জানান, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছ, মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।








