
লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, গোটা দেশের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেন-সহ বহু এলাকার।
এখনও পর্যন্ত অন্তত দেড় হাজার পর্যটকের আটকে পড়ার খবর মিলেছে মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী বলেছেন, পাকশেপ ও অম্ভিথাং গ্রাম মিলিয়ে মোট ছ’জনের মৃত্যু হয়েছে।জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ভেঙে গিয়েছে। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই পরিস্থিতিতে সরকারি আধিকারিকরা সঙ্গে বৈঠকে বসেছিলেন। কী ভাবে উদ্ধারকাজ চালানো হবে, ত্রাণ পৌঁছে দেওয়া হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে।সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। ঘরছাড়াদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।সিকিমের পরিস্থিতির জেরে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে পর্যটকের যাতায়াতের জন্য বিকল্প পথ বলে দিয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পঙের জেলা প্রশাসন।
