
ইউক্রেন যুদ্ধ ঘিরে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার সঙ্গে সঙ্ঘাতের আবহেই কিউবায় নৌবহর পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে, পরমাণু শক্তিচালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী-সহ রাশিয়ার চারটি নৌযান কিউবার হাভানা বে নৌঘাঁটি পৌঁছেছে।
আমেরিকার ফ্লরিডা উপকূল থেকে ওই এলাকার দূরত্ব দেড়শো কিলোমিটারেরও কম।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অতলান্তিক মহাসাগরে যৌথ যুদ্ধমহড়ার উদ্দেশ্যেই বন্ধুরাষ্ট্র কিউবায় পাঠানো হয়েছে নৌবহর। মস্কোর দেওয়া তথ্য বলছে, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ এবং ডুবোজাহাজ কাজ়ান দু’টিতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জ়িরকন-সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। প্রয়োজনে পরমাণু হামলারও ক্ষমতা রয়েছে তাদের।তবে যৌথ নৌমহড়ায় অংশ নিতে যাওয়া রুশ নৌবহরে কোনও পরমাণু অস্ত্র নেই বলে জানিয়েছে মস্কো। একই কথা জানিয়েছে পেন্টাগনও।
