
ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যাতেই রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
তবে প্রতিনিধি দলের কর্মসূচিতে কিছুটা রদবদল হয়েছে। ইদের কারণেই সেই রদবদল। সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতায় আসবেন বিজেপির প্রতিনিধি দলের চার সদস্য। প্রথমে তাঁরা যাবে মাহেশ্বরী ভবনে।সেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং ঘরছাড়া-দের আশ্রয় দেওয়া হয়েছে বিজেপির উদ্যোগে। সেখানে আক্রান্ত-দের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যেরা। তার পর তাঁদের সন্দেশখালি, বাসন্তী, ডায়মন্ড হারবার যাওয়ার কথা ছিল বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে। তাতেই হয়েছে রদবদল। ইদের কারণে সোমবার সেখানে যাচ্ছেন না প্রতিনিধি দলের সদস্যেরা। পরিবর্তে সোমবার সকালে প্রতিনিধি দল যাচ্ছে কোচবিহারে।সেখানে তারা কথা বলবে হিংসায় আক্রান্ত’দের সঙ্গে। তার পর রাতে ফিরে আসবে কলকাতায়।পরের দিন, মঙ্গলবার যাবে সন্দেশখালি, বাসন্তী, ডায়মন্ড হারবার। সেখানে আক্রান্ত-দের সঙ্গে কথা বলবেন সদস্যেরা। এর পর ফিরে যাবেন দিল্লিতে।বিজেপির দাবি, ভোটের পর দেশে হিংসা হয়েছে শুধু পশ্চিমবঙ্গে।
