
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কেন্দ্রীয় দলের সঙ্গে দুর্ব্যবহারের জেরে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত করল দল।
অভিযোগ, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারের আমতলায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে পৌঁছন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি টিম। সেখানে উপস্থিত ছিলেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। পাশাপাশি কর্মীদের দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। অনৈতিক মন্তব্য, জেলা কার্যালয়ে বিশৃঙ্খলাতেও ইন্ধনেরও অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ৭ দিনের মধ্যে অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ। কোনও চিঠি পাননি বলে দাবি অভিজিৎ দাস ওরফে ববির।




