
অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে রাজ্যের ১৫টি জেলা।
বন্যায় একাধিক জায়গা থেকে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৬১ লাখের বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।অসমের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বন্যার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের করিমগঞ্জ জেলা। বন্যায় ১ হাজার ৩৭৮ হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। মৃত্যু হয়েছে অসংখ্য গবাধি পশুর। জনমগ্ন অবস্থায় রয়েছে ৪৭০টি গ্রাম। বন্যার তোড়ে ভেসে গিয়েছে বাঁধম, রাস্তা, সেতু। বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে, মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির জেরে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। গাইনাচড়া-সহ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গাইনাচড়ায় ভূমিধসের জেরে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, অসমের ৪৩টি ত্রাণ শিবিরে ৫ হাজার ১১৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কামপুরের কোপিলি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
