
চার যুবকের ওপর মারধর ও অমানুষিক অত্যাচারের অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে রাতভর বিক্ষোভ মহেশতলার সন্তোষপুর মোল্লা পাড়ায়।
খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মহেশতলার ১৬ নং ওয়ার্ডের সন্তোষপুর মোল্লাপাড়ায় প্রচন্ড গরমের জন্য বুধবার রাতের বেলায় বেশ কিছু যুবক একত্রিত হয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল। অভিযোগ সেই সময় বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিতে ওই যুবকদের ওপর হামলা চালায়। রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় তাদের। আহত যুবকদের চিৎকার শুনে আহত ৪ যুবকের পরিবারের লোকজন এলাকায় পৌঁছয়। এরপরই গ্রামবাসী মিলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সন্তোষপুর স্টেশনে যাবার রাস্তা মোল্লাপাড়ায় অবরোধ ও বিক্ষোভ দেখাতে থাকে, খবর পেয়ে ঘটনাস্থলে জিনজিরা থানার বিশাল পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযুক্তরা এখনও পর্যন্ত পলাতক।
