
যাদবপুর-পাটুলি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় দলের দুই কাউন্সিলরকে তৃণমূলের শোকজের মধ্যেই গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলায় ৩ জন আহত হয়েছেন।
আক্রান্ত হয়েছেন কয়েকজন মহিলা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে কাউন্সিলরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। প্রত্যেকদিনই এলাকার বাসিন্দারা বিভিন্ন সমস্যার কথা জানাতে যান। সেখানেই লাঠি, বাঁশ নিয়ে আচমকা হামলা চালায় কয়েকজন। হামলাকারীরা এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় অফিসের চেয়ার টেবিল। ঘটনার সময় অফিসে কাউন্সিলর পিন্টু দেবনাথ ছিলেন না। তবে তাঁর ৩ অনুগামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
