
দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনায় বিরোধী দলগুলির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বক্তব্য, কাজ অসম্পূর্ণ থাকলেও লোকসভা ভোটের আগে তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরের নির্মীয়মাণ ১ নম্বর টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।আর এই ঘটনায় এনডিএ সরকারকেই দায়ী করেছে কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, গত ১০ বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি আর উদাসীনতার জন্যই এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক পরিকাঠামো। তৃণমূলের সাংসদ সাকেত গোখলে বলেছেন, দিল্লির দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই।এনসি নেতা ওমর আবদুল্লা প্রায় একই সুরে এক্স হ্যান্ডলে লিখেছেন, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার আগেই অসম্পূর্ণ টার্মিনাল উদ্বোধন করা হয়। অন্যদিকে, ঘটনার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, দিল্লি বিমানবন্দরের ওই অংশটি ২০০৯ সালে উদ্বোধন করা হয়, যখন কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। ওই সময়ে কাজের মান পরীক্ষা না করেই কন্ট্র্যাক্ট দেওয়া হত। এই ঘটনায় সুপার প্রধানমন্ত্রী সনিয়া গান্ধীকে জবাব দিতে হবে।
