কেজরিওয়ালের ১৪ দিনের জেল হেফাজত, বিক্ষোভও  

0
144
Kejriwals 14 day jail custody protests too
Kejriwals 14 day jail custody protests too
আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। আগামী ১২ জুলাই পর্যন্ত হেফাজতে থাকবেন তিনি।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। শনিবারই সেই সময়সীমা শেষ হওয়ায় তাঁকে ফের আদালতে হাজির করানো হয়। সিবিআই-এর তরফে আদালতে বলা হয়, ন্যায়বিচার এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া ভীষণ জরুরি। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করে, আবগারি নীতি নিয়ে একাধিক প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল। ২০ মে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করেছিল। কিন্তু তিহাড় থেকে তিনি বের হওয়ার আগেই ইডি দিল্লি হাইকোর্টে গিয়ে জামিনের সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের করে। সেই মামলায় শেষ পর্যন্ত কেজরিওয়ালের জামিন খারিজ হয়ে গিয়েছে। এদিকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে আপ।