
চন্দননগর হাসপাতালে বাচ্চা চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বরের খুড়িগাছি নতুন পাড়ার বাসিন্দা অনিতার ৭ বছরের ছেলে চন্দননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।
শনিবার দুপুরে বাচ্চাটি ওয়ার্ড থেকে বেরিয়ে জল আনতে যায়। হঠাৎ সেই সময় অপরিচিত এক ব্যক্তি বাচ্চাটির হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখনই সে চিৎকার করে ওঠে। এই ঘটনা চোখে পড়ে তাঁর মায়ের। বাচ্চাটির মা বাধা দিতে গেলে অভিযুক্ত যুবক পাল্টা তাঁকে লোহা জাতীয় বস্তু দিয়ে আঘাত করতে গেলে চিৎকার-চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। চলে আসেন হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




