
মহাকাশযানে নভশ্চরদের মহাকাশে পাঠানোর আগে ফেরার কথা নিশ্চিত করা উচিত।মহাকাশে বন্দি ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসদের নিয়ে মন্তব্য করেছেন ইসরো প্রধান এস সোমনাথ।
নাসার মহাকাশযান স্টারলাইনার প্রথম সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোর নিয়ে পাড়ি দিয়েছিল মহাকাশে। ফিরে আসার কথা ছিল ২৬ জুন। কিন্তু নাসা জানিয়ে দিয়েছে আপাতত সুনীতা উইলিয়ামসদের দেশে ফেরা হচ্ছে না। তার প্রথম কারণ, স্টারলাইনার মহাকাশযানে হিলিয়াম গ্যাস লিক-সহ অজস্র যান্ত্রিক ত্রুটি। দ্বিতীয় কারণ একটি সাম্প্রতিক মহাকাশ দুর্ঘটনা।ফলে বাড়ছে উদ্বেগ, আশঙ্কা।এই আবহে ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অত্যন্ত নিরাপদ জায়গা। সেখানে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে ন’জন নভশ্চর রয়েছেন। ফলে তাদের নিয়ে উদ্বেগ অর্থহীন। তবে যেটা ভাবার, সেটা হল সুনীতা উইলিয়ামসদের ফেরানোর জন্য একটি নতুন মহাকাশযান তৈরি করা। যা তাদের ফেরাটা নিশ্চিত করবে। স্টারলাইনারের মতো মহাকাশযান তৈরির সময়ে আগে সেটাই মাথায় রাখা দরকার।পাশাপাশি, সুনীতা উইলিয়ামসদের সাহসের প্রশংসাও করেছেন ইসরো প্রধান। বলেছেন, সম্পূর্ণ নতুন একটি মহাকাশযানে প্রথমবার মহাকাশে পাড়ি দেওয়ার ঝুঁকি নেওয়া মুখের কথা নয়।







