
বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে নিজের মুখেই এই কথা ঘোষণা করেছেন তিনি।
সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের জবাবে বিরাট কোহলি জানিয়েছেন,এটাই তাঁর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলেন সেটাই করেছেন। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তারপরেই একটা বড় রান চলে আসে। আসলে তাঁর কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়।তখনও বিরাট কোহলি পরিষ্কার করে ইঙ্গিত দেননি যে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। সঞ্চালক হর্ষ ভোগলে আবার সেই প্রশ্ন করেন। এরপর বিরাট কোহলি বলেছেন, এটাই ভারতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। তারা বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এরপরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে।তারা দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।টি-টোয়েন্টিতে ১২৫টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন। একটি শতরান করেছেন। এছাড়া বিরাট কোহলির ৩৮টি অর্ধশতরান রয়েছে।







