
সোমবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দু’-একটি ব্যতিক্রম ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০- থেকে ৫০ কিলোমিটার বেগে। সোমবার এবং মঙ্গলবার উপকূলে ঢেউয়ের উচ্চতাও বেশি হতে পারে।উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।








