
কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভার সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ধর্নায় বসেছেন বিজেপির মহিলা বিধায়কেরা।
তাঁদের দাবি, শাসকদলের নেতৃত্বে রাজ্যে সন্ত্রাস চলছে। অবিলম্বে পদক্ষেপের দাবি জানাচ্ছে বিজেপি। অন্যদিকে, চোপড়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, এই ঘটনায় নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। তবে কোচবিহারের ঘটনা নিয়ে বিধানসভায় ধর্না দেওয়ার অনুমতি চেয়েছিলেন বিজেপির মহিলা বিধায়কেরা। তবে সেই অনুমতি না মেলায় সোমবার সকালে বিধানসভার গাড়িবারান্দার সামনে বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে রয়েছেন শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়ি, সুনীতা সিং। সকলের গলায় ঝোলানো প্ল্যাকার্ড। তাঁদের দাবি, রাজ্যে পর পর মহিলারা আক্রান্ত হচ্ছেন। বিজেপি বিধায়কদের ধর্না প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বিজেপি বিধায়কদের ধর্নার অনুমতি দেননি। তার পরও তাঁরা বসেছেন।তিনি মার্শালকে বলেছেন পরবর্তী পদক্ষেপ করার জন্য।









