
ঝাড়গ্রামে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত দু’জনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের নাম মহেন্দ্র মিত্তল এবং ডাক্তার সোরেন।
দু’জনেই একটি ঠিকাদার সংস্থায় কাজ করেন। আদালতে দুই পক্ষের সওয়াল জবাবের পর আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেন দু’জনকে। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিংহের মন্তব্য, তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। আদালতে দাঁড়িয়ে মৃত যুবক সৌরভ সাউয়ের মা প্রতিমা সাউ অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রোলারের যন্ত্রাংশ চুরির অভিযোগে টোটোচালক পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ঠিকাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঝাড়গ্রামের জামবনির খাটপুরা এলাকায় ২ যুবককে মারধরের ঘটনা ঘটেছিল ২২ জুন। গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। ৯ দিন পর সেখানেই মৃত্যু হয়েছে সন্তোষ সাউ নামে বছর ২৩-র যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন সন্তোষের বন্ধু অক্ষয় মাহাত।
