
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শ্লীলতাহানি’র অভিযোগ তোলা রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতা।
এখন দেখার শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে মামলা গ্রহণ করে কি না। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তার পরেই এ বার বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হল। ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করছিল। সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়।








