
এবার বর্ধমানের জামালপুরে সালিশি সভার নামে তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের অনুগামীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।
বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তির জন্য তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভায় ডেকে পাঠানো হয় দম্পতিকে। কিন্তু আদালতে মামলা চলায় সালিশি সভায় না যাওয়ায় বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সালিশি সভা নয়, পারিবারিক বিবাদে এই ঘটনা ঘটেছে। এমনটাই দাবি করেছেন অভিবুক্ত তৃণমূল নেতা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশই। আক্রান্তরা থানায় অভিযোগ দায়ের করেনি বলে দাবি করেছে পুলিশ। যদিও আক্রান্ত দম্পতি দাবি পুলিশ অভিযোগ না নেওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছেন। অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ডিএম, এসপিকেও।
