
প্রশ্নফাঁসের অভিযোগে স্কুলে নিজের ঘর থেকেই প্রিন্সিপালকে টেন-হিঁচড়ে বার করে দিয়েছেন সহকর্মীরা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।
জানা গিয়েছে, ওই প্রিন্সিপালের নাম পারুল সলোমন। উত্তরপ্রদেশ পিএসসি-র রিভিউ অফিসার বা আরও এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার বা এআরও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বসন্ত যশবন্ত নামে ওই স্কুলেরই এক কর্মী গ্রেফতার হন। তিনি গ্রেফতার হতেই প্রিন্সিপাল পারুলের এই ঘটনায় জড়িয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার পরই স্কুল কর্তৃপক্ষের রোষে পড়েন প্রিন্সিপাল। স্কুল কর্তৃপক্ষের দাবি, শার্লি ম্যাসিকে নতুন প্রিন্সিপাল হিসাবে নিয়োগ করতেই প্রিন্সিপাল পারুল নিজেকে তাঁর অফিসঘরে বন্দি করে রাখেন। দরজা না খোলায় ভেঙে ভিতরে ঢোকেন সহকর্মীরা। তার পর প্রিন্সিপাল পারুলকে চেয়ার থেকে টেনে তুলে স্কুল থেকে বার করে দেওয়া হয়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন প্রিন্সিপাল পারুল। যদিও এডগার ড্যানের দাবি, গোটা ঘটনার ভিডিয়ো করা হয়েছে। প্রিন্সিপাল পারুলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
