
মিজোরামে আশ্রিত বাংলাদেশের শরণার্থীদের তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে।
এরপরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আশ্রিত শরণার্থীদের নিয়ে কী করণীয়, সেই প্রশ্নও উঠে আসছে। সেই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। তিনি জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকা থেকে জো জনগোষ্ঠীর যে সমস্ত মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন, তাদের ফেরত পাঠানো সম্ভব নয়। কারণ বাংলাদেশের শরণার্থীদের সঙ্গে মিজোরামের মানুষের জাতিগত বন্ধন ও টান রয়েছে।পাশাপাশি অসম রাইফেলসের শিবিরটিকে সরিয়ে আইজলের পূর্বদিকে অবস্থিত জোখাবসাংয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ এবং মায়ানমারের চিন-কুকি-মিজ-জোমী জনজাতিদের হয়ে প্রতিনিধিত্ব করে আইজলের জো রিইউনিফিকেশন অর্গানাইজেশন। তাদের দাবি, মিজোরামে আশ্রিত বাংলাদেশের নাগরিকদের জোর করে ফেরত পাঠাচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ।
