
তারাপীঠ থেকে কলকাতায় ফেরার পথে রথযাত্রার দিন একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির গুড়াপের বসিপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন ইরা মান্না এবং সুমিত জানা। জানা গিয়েছে, রবিবার বিকেলে একটি চারচাকার গাড়ি বর্ধমান থেকে কলকাতার দিকে যাওয়ার সময় গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে সাদা রঙের চারচাকার গাড়িটি। স্থানীয়েরা জানাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সবাইকে উদ্ধার করে সবাইকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে।









