
ভাঙড়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। পুলিশ সূত্রে খবর, রবিবার ভাঙড় বাজারে ভোরেরাতে যে দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ, সেই দোকানের মালিক সাহারুল মোল্লা ও আরেক ব্যবসায়ী সৈকত মণ্ডল গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃতের দেহে বাহ্যিক আঘাতের তেমন কোনও চিহ্ন নেই। শুধু এক পায়ে সামান্য আঘাত দেখা গিয়েছে বাইরে থেকে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, কয়েক জন মিলে যুবককে ধরে দোকানে বাঁধছেন। তার পর তাঁকে মারধর করা হচ্ছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে পুলিশ। রবিবার ভোররাতে ভাঙড় থানা থেকে ৫০০ মিটার দূরে চোর সন্দেহে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেঁধে-পিটিয়ে দিয়ে খুন করার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। মারের পর দেহ দীর্ঘক্ষণ পরে থাকলেও পুলিশ আসেনি। অবশেষে মৃতের পরিবারই খবর পেয়ে দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য আজগরের বাড়িতে ভাঙড় থানার পুলিশ পৌঁছলে বচসা বাধে।
