
বাংলা ছবির পাশে দাঁড়ান, কথাটা বাংলা বিনোদন দুনিয়ায় শোনা যাচ্ছে এখন খুব। সেই নীতি মেনেই এই শীতে একসঙ্গে বড় বাজেটের একাধিক বাংলা ছবির মুক্তি পেতে যাচ্ছে।
বলা হচ্ছে,পুজোর ছবির ভিড় এ বছর শীতেও।শোনা যাচ্ছে এ বছর দেবের নাকি দুটো ছবি মুক্তি পেতে চলেছে। একটির পরিচালক অভিজিৎ সেন। সহ-প্রযোজক অতনু রায়চৌধুরী। দ্বিতীয়টি খাদান, যা পিছিয়ে শীতে আসছে। তালিকায় যুক্ত হয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমার বস। অন্য দিকে সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পেতে পারে শীতেই।এখন প্রশ্ন হলো,এক দিনে চারটি ছবির মুক্তি বাংলা ছবির বাণিজ্যের পালে কতটা হাওয়া দেবে? প্রযোজক অতনু রায়চৌধুরী বলছেন,ভাল হচ্ছে না। এতে দর্শক ভাগাভাগি হয়ে যাচ্ছে। পুজোর সময় এটা হয়। কিন্তু সেটা পুজোর সময়। বাকি সময় তেমন ভাবে বাংলা ছবি নেই। তার পর একটি দিনে আবার এক গুচ্ছ ছবিমুক্তি। পরিস্থিতি বিচার করে শীতে ছবিমুক্তি নিয়ে তা হলে কী ভাবছেন প্রযোজক? অতনুর মতে, এখনও চিত্রনাট্য ঘষামাজা চলছে। শুটিংয়ের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। ফলে, ছবিমুক্তি নিয়ে কিছুই ভাবছেন না তিনি। এদিকে,এ বছর প্রথম শীতে ছবিমুক্তি নন্দিতা-শিবপ্রসাদের। কথা ছিল ছবিটি জুন মাসে মুক্তি পাবে।শিবপ্রসাদের দুর্ঘটনায় আক্রান্ত হওয়া এবং লোকসভা নির্বাচন,দুইয়ে মিলে আমার বস ছবির মুক্তি পিছিয়েছে। প্রযোজক-পরিচালক-অভিনেতা অবশ্য বিষয়টি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তাঁর পাল্টা যুক্তি, পুজোয় একসঙ্গে একাধিক ছবি মুক্তি পায়।দর্শক ভাগ হয়,তার পরেও যে ছবির ব্যবসা করার সেই ছবি করে। তাঁর উদাহরণ পুজোমুক্তি রক্তবীজ। ছবিটি সৃজিত, দেব, অরিন্দম শীলের ছবির সঙ্গে মুক্তি পেয়েছিল। শিবপ্রসাদের কথায়, তাঁদের প্রথম পুজোমুক্তি চুটিয়ে ব্যবসা করেছে। সুতরাং,এক সঙ্গে অনেক ছবিমুক্তি মানেই বাণিজ্যে লোকসান, এমন ভাবার কোনও কারণ নেই।তিনি জানিয়েছেন একই প্রযোজনা সংস্থার আরও একটি ছবি একটি নির্দিষ্ট সময়ের কাছাকাছি মুক্তি পেলে তাতে বাণিজ্যে ছাপ পড়ে। তাই এ বছরের পুজোমুক্তি বহুরূপী এবং আমার বস-এর মধ্যে সময়ের ফারাক রাখতেই ছবিটি শীতে মুক্তি দেওয়ার কথা ভেবেছে প্রযোজনা সংস্থা।








