
চোপড়াকাণ্ডের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
পুলিশ সুত্রে খবর, নির্যাতিতা মহিলা ৩০ শে জুন চোপড়া থানায় তাঁর ভিডিও ভাইরাল করার অভিযোগে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই চোপড়া থানায় এফআইআর নথিভুক্ত হয়। অমিত মালব্য এবং মহম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্টের ৬৬এ/৬৬ই/ এবং ৬৭ এ ধারায় মামলা করেছে পুলিশ। চোপড়ার ওই মহিলা কি আদৌ নিজের মর্জিতে কথা বলছেন। নাকি তাঁকে দিয়ে বলানো হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।অন্যদিকে, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর হবে এটাই স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। পাশাপাশি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, সন্দেশখালি থেকে চোপড়া পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিছুই বদলায়নি, যেখানে দোষীদের বাঁচাতে বিরোধী নেতাদের টার্গেট করেছেন তিনি। প্রসঙ্গত,৩০ সে জুন চোপড়ায় রাস্তায় ফেলে মহিলা ও তাঁর পুরুষ সঙ্গীকে তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি-র মারধরের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করে।
