
প্রাকৃতিক বিপর্যয়ে ঘুরপথে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় সড়কপথে দেশের থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম। শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ১০ নম্বর জাতীয় সড়ক ভূমিধসে অবরুদ্ধ গত ১২ দিন ধরে।
এতদিন আলগাড়া-লাভা হয়ে ঘুরপথে সিকিমে যাতায়াত চলছিল। সেটাও বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাটি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজের জন্য ১৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় ওই রুটে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। সম্প্রতি কালিম্পংয়ের বিরিকডারা ও সেলফিডারার মধ্যে ভয়ংকর ধস নামে। রাস্তার একাংশ তিস্তার জলে ভেসে গিয়েছে। সেবক থেকে তিস্তাবাজার যাতায়াতের পথে বেশ কিছু এলাকায় জাতীয় সড়ক তিস্তার জলে তলিয়েছে।
